ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজারসহ সরঞ্জাম জব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কুতুবছড়ি খাল থেকে উত্তোলন করে মজুত রাখা সাড়ে ১১ হাজার ঘনফুট বালু এবং বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে জব্দ করা বালু তাৎক্ষণিক নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার লেলাং ইউনিয়নের কর্ণফুলী চা-বাগানসংলগ্ন কুতুবছড়ি খালে এ অভিযান পরিচালনা করা হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফটিকছড়ি থানার পুলিশের একটি দল ও আনসার সদস্যরা অংশ নেন।

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজারসহ সরঞ্জাম জব্দ

প্রশাসন সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে কুতুবছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় খাল থেকে উত্তোলন করে মজুত রাখা বিপুল পরিমাণ বালু এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, কুতুবছড়ি খালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার ঘনফুট বালু ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। পরে জব্দ করা বালু নিলামে বিক্রি করে ৪৭ হাজার ৫০০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top