
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। তিনি বলেছেন, নাঈমের সঙ্গে যা ঘটেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তামিম জানান, ঘটনার পর নাঈম তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এবং বিসিবির অন্যান্য পরিচালকরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।
তামিম বলেন, বিসিবি নাঈম ও তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং ক্রিকেটারের পাশে রয়েছে। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিসিবি কাজ করবে এবং ভবিষ্যতেও দেশের সব ক্রিকেটারের পাশে থাকবে।
উল্লেখ্য, গত ১২ জুন রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় নাঈম হাসানকে থামিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ ওঠে। পরে তাকে খুলশী থানায় নেওয়া হলে সেখানেও দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ করেন এই স্পিনার।
