
চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকার মিরিন্ডা লেইন, বান্ডেল রোড ও ব্রিকফিল্ড রোডে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। চসিকের জনসংযোগ বিভাগ এসব তথ্য জানিয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য এবং হোটেলের খাবার তৈরি, মেয়াদবিহীন ও লেভেল বিহীন পণ্য বিক্রি, কাঁচা ও রান্না করা খাবার ফ্রিজে একসাথে রাখা, খাদ্য পণ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা এবং দোকানের সামনে ময়লা আবর্জনা স্তূপ করে রাখার অপরাধে বান্ডেল রোডের মিশুক রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউসকে ২০ হাজার টাকা, মিরিন্ডা লেইনের চট্টলা হোটেল অ্যান্ড সুইটসকে ১০ হাজার টাকা ও ব্রিকফিল্ড রোডের টেস্টি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে চসিকের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন। জনস্বার্থে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
