চট্টগ্রামে মনোরেল প্রকল্প নিয়ে চউক-ডিটিসিএ মতবিনিময়
চট্টগ্রাম মহানগরীতে মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)-এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার চউকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন, প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা ও বিভিন্ন কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চট্টগ্রামের জন্য একটি সমন্বিত ট্রাফিক মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে ডিটিসিএ চউকের কাছে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা কামনা করে।
চউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে পরিবেশ, জীববৈচিত্র্য ও টেকসই পরিকল্পনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি জনবান্ধব ও কার্যকর প্রকল্প গ্রহণের ওপর জোর দেন।
ডিটিসিএর নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান বলেন, মনোরেল প্রকল্পকে অর্থনৈতিকভাবে টেকসই করতে উন্নত দেশের মতো এমআরটি ব্যবস্থার সঙ্গে রিয়েল এস্টেট উন্নয়ন যুক্ত করা যেতে পারে, যাতে সরকারি ভর্তুকির প্রয়োজন কমে।
সভায় ডিটিসিএ ও চউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে চট্টগ্রামের ভবিষ্যৎ নগর পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও সমন্বিত করার বিষয়ে মত দেন।
