চট্টগ্রামে নদীতে ডুবে যুবক নিখোঁজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ডিঙ্গি নৌকা উল্টে মো. সোলেমান (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সোলেমান ও উদ্ধার হওয়া তার বড় ভাই আব্দুল হালিম (৩০) পূর্ব সরফভাটা লোকমান মিস্ত্রীর বাড়ির বদিউল আলমের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে দুই ভাই একটি ডিঙ্গি নৌকা নিয়ে কর্ণফুলী নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে যায়। একপর্যায়ে নদীর তীব্র স্রোতের মুখে তাদের নৌকাটি উল্টে গেলে দুজনই পানিতে পড়ে যায়। এসময় আশপাশে থাকা অন্য লাকড়ি সংগ্রহকারীরা আব্দুল হালিমকে উদ্ধার করতে সক্ষম হলেও সোলেমান প্রবল স্রোতে তলিয়ে যায়।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ বিজয় মোল্লা বলেন, শনিবার সকাল ৯টার দিকে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে কর্ণফুলী নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top