বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দলটির ভেতরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন একই দলের যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
মঙ্গলবার রাতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া অডিও বার্তায় তিনি গোপনে বিয়ে করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বলেন, বৈধ ও সুন্নতসম্মত কাজ গোপনে নয়, প্রকাশ্যেই হওয়া উচিত। অনৈতিক কাজকে সুন্নতের নামে বৈধতা দেওয়ার চেষ্টা করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সোমবার গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রথমে তাঁর সমর্থকদের কেউ কেউ ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে দাবি করলেও, পরে কয়েকটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান জানায়, তাদের মূল্যায়নে ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি নয়।
বিতর্কের মধ্যে মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, গত ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে রাজনৈতিক উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটিকে বিবাহবহির্ভূত সম্পর্ক হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে।
