
বৈরি আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এছাড়া দেশের বিভিন্ন জেলায়ও কিছু পরীক্ষার্থী একই কারণে নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে পারেননি।
মন্ত্রী বলেন, যেসব শিক্ষার্থী বৈরি আবহাওয়ার কারণে পরীক্ষা দিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন। শিক্ষার্থীদের ক্ষতি এড়াতেই এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটির ঘটনায় দায়ীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
