Total Views: 5
ডিমের পর বাড়ল পেঁয়াজ-আদার দাম, চড়া সবজির বাজার রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই। ডিমের দাম বাড়ার পর এবার বেড়েছে পেঁয়াজ ও আদার দাম। পাশাপাশি সবজির বাজারও রয়েছে চড়া, এতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।
গত এক সপ্তাহে দেশি পেঁয়াজের দাম কেজিতে প্রায় ১০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। আদার দামও বেড়ে হয়েছে ১৭০ থেকে ১৯০ টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন, ঈদুল আজহাকে সামনে রেখে চাহিদা বাড়ায় দাম বাড়ছে।
এদিকে ডিমের বাজারেও অস্থিরতা চলছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, কোনো কোনো এলাকায় ১৫৫ টাকাও নেওয়া হচ্ছে। তবে কিছুটা স্বস্তি রয়েছে মুরগির বাজারে। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮৫ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকা কেজিতে।

শুক্রবার সকালে ঢাকার বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে এসব পণ্যের দাম বাড়তে শুরু করেছে। তবে বাজারে দেশি রসুনের সরবরাহ ভালো থাকায় এ পণ্যের দাম এখনো স্থিতিশীল রয়েছে।
বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তাদের আশঙ্কা, বাজার তদারকি জোরদার না হলে ঈদের আগে নিত্যপণ্যের দাম আরও বেড়ে যেতে পারে।