চ্যানেলের প্রবেশমুখে আটকে পড়া বিদেশি কনটেইনারবাহী জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’ উদ্ধার করায় চট্টগ্রাম বন্দরকে ধন্যবাদ জানিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং লাইন সিএমএ-সিজিএম গ্রুপ (সিএনসি লাইন)।
গত মঙ্গলবার রাতে জাহাজটি উদ্ধারের পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো প্রশংসাপত্রে এ ধন্যবাদ জানানো হয়েছে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে প্রতিষ্ঠানটির ফ্রান্সের সদর দফতরের ভাইস প্রেসিডেন্ট মোরেও জেভিয়ার এবং ম্যানেজিং ডিরেক্টর এশার্ড ফ্রাঁসোয়া-জেভিয়ারের সই করা একটি প্রশংসাপত্র পাঠানো হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি এই ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে সরাসরি অংশ নিয়ে সহায়তা দেওয়ায় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সিএমএ-সিজিএম কর্তৃপক্ষ। এ ধরনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে চট্টগ্রাম বন্দর বিশ্বমানের পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে বলে প্রশংসাপত্রে উল্লেখ করা হয়।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজ মালিকপক্ষের এই আনুষ্ঠানিক স্বীকৃতি চট্টগ্রাম বন্দরের কার্যকরী ব্যবস্থাপনা, দ্রুত আপদকালীন সাড়াদান-ক্ষমতা এবং আন্তর্জাতিক পর্যায়ের পেশাদার দক্ষতারই প্রতিফলন।
যান্ত্রিক ত্রুটির কারণে গত ৪ আগস্ট চ্যানেলে আটকে যাওয়া জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’ চট্টগ্রাম বন্দর, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে রাতের মধ্যেই নিরাপদে মুক্ত করা হয়। মাল্টার পতাকাবাহী জাহাজটিতে ১ হাজার ২৮২ টিইইউএস (২০ ফুট সমমান) কনটেইনার ছিল।
