চট্টগ্রামে হৃদরোগ বিষয়ক ‘কার্ডিকন সম্মেলন’ ২০২৬ আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
বুধবার সকালে নগরের চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির উদ্যোগে হোটেল রেডিসন ব্লুতে সম্মেলন প্রস্তুতি উপলক্ষ্যে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কার্ডিকন সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নিবন্ধন করা শুরু হবে।
চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির চেয়ারপারসন অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আনিসুল আউয়াল।

উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তারেক। এ সময় বিগত দিনের বিভিন্ন বৈজ্ঞানিক ও সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন ডা. কাজী শামীম আল মামুন।
সভায় সর্বসম্মতিক্রমে ‘কার্ডিকন-২০২৬’ এর আনুষ্ঠানিক লোগো, পোস্টার এবং মূল স্লোগান নির্ধারণ করা হয়। পর্বটি পরিচালনা করেন ডা. মুহাম্মদ খুরশেদ আলম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. এস.এম. ইফতেখারুল ইসলাম। সভার সিদ্ধান্তগুলো ঘোষণা করেন সংগঠনের দফতর সম্পাদক ডা. মো. সাইফ উদ্দিন সোহাগ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেন, কার্ডিকন কেবল একটি সম্মেলন নয়, এটি হৃদরোগ চিকিৎসার আধুনিক তথ্য ও প্রযুক্তি বিনিময়ের একটি বড় প্ল্যাটফর্ম। চট্টগ্রামের হৃদরোগ চিকিৎসায় নতুন মাত্রা যোগ করতে এই সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে।
