
পবিত্র আরবাইন তীর্থযাত্রা উপলক্ষে ইরাক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির ঊর্ধ্বতন রাজনৈতিক ও প্রাদেশিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। আলোচনায় তীর্থযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং ইরান-ইরাকের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয় গুরুত্ব পায়।
কারবালায় তিনি বদর অর্গানাইজেশনের মহাসচিব হাদি আল-আমিরির পাশাপাশি কারবালা ও বসরার গভর্নরদের সঙ্গে পৃথক বৈঠক করেন।
বৈঠকে আরবাইন উপলক্ষে ইরাকে আগত লাখো তীর্থযাত্রীর চলাচল সহজ করতে আন্তঃসীমান্ত ও আন্তঃপ্রাদেশিক সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ এই ধর্মীয় সমাবেশ সফলভাবে আয়োজনের লক্ষ্যে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
