
আমির খান অভিনীত ‘গজনি’ সিনেমার আইকনিক খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত প্রবীণ অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। দীর্ঘদিন রক্তের ক্যানসারের সঙ্গে লড়াই শেষে মুম্বাইয়ের একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে তিনি মারা গেছেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি। তিনি জানান, কয়েক বছর আগে ক্যানসার থেকে সুস্থ হলেও সম্প্রতি রোগটি আবার ফিরে আসে। গত এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রদীপ রাওয়াত। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।
১৯৮০-এর দশকে অভিনয়জীবন শুরু করা প্রদীপ রাওয়াত টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। পরে ‘অগ্নিপথ’, ‘কয়লা’, ‘সরফরোশ’, ‘লাগান’ ও ‘গজনি’-সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন।
বিশেষ করে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গজনি’-তে তার ভয়ংকর খলনায়ক চরিত্র দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলে। দীর্ঘ অভিনয়জীবনে হিন্দির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ভাষার চলচ্চিত্রেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
