ইরানের বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে নতুন ও ব্যতিক্রমী কৌশলের প্রস্তাব চেয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতির অংশ হিসেবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামরিক বিশ্লেষকদের কাছে পাঠানো এক ই-মেইলে ইরানকে মোকাবিলায় সৃজনশীল ও অপ্রচলিত পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, এ ধরনের ‘ব্রেইনস্টর্মিং’ উদ্যোগ সামরিক বাহিনীতে খুবই বিরল। বিশ্লেষকদের ধারণা, প্রচলিত সামরিক ও কূটনৈতিক কৌশলে প্রত্যাশিত ফল না পাওয়ায় বিকল্প পথ খুঁজছে ওয়াশিংটন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন ইরানের অবশিষ্ট পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন হামলার সম্ভাবনাও বিবেচনা করছে। তবে এসব স্থাপনা গভীর ভূগর্ভে হওয়ায় কেবল বিমান হামলায় সেগুলো ধ্বংস করা কঠিন বলে মনে করছেন সামরিক কর্মকর্তারা।
এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন, চলমান হামলা ইরানকে আলোচনায় ফিরিয়ে আনতে যথেষ্ট নাও হতে পারে। ফলে যুক্তরাষ্ট্রের সামনে এখন সংঘাত আরও বাড়ানো বা কূটনৈতিক সমাধানের পথে এগোনোর—দুটি কঠিন বিকল্পই খোলা রয়েছে।
