হরমুজ প্রণালীর আকাশসীমায় উড়তে থাকা একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সেপাহ নিউজ জানায়, প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি চালিয়ে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
তবে ড্রোনটি কোথা থেকে উড্ডয়ন করেছিল, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এমকিউ-৯ রিপার ড্রোন মূলত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলা পরিচালনায় ব্যবহার করে যুক্তরাষ্ট্র।

আইআরজিসির দাবি, চলতি সংঘাত শুরুর পর থেকে তারা ৩০টির বেশি মার্কিন রিপার ড্রোন প্রতিহত বা ভূপাতিত করেছে। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি এবং স্বাধীনভাবে ঘটনাটি যাচাইও সম্ভব হয়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌপরিবহন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
