নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, দৈনিক ৫–৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের আশা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ‘সুন্দরপুর-৪’ নামে নতুন একটি গ্যাস কূপের খননকাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। কূপটি থেকে দৈনিক ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বাপেক্সের কর্মকর্তারা জানান, কূপটির সম্ভাব্য গভীরতা ১ হাজার ৬০০ মিটার এবং প্রায় ১ হাজার ৩৬১ মিটার গভীরে গ্যাসের স্তর রয়েছে। আগামী দুই মাসের মধ্যে খননকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নতুন কূপটি সফল হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে। ফলে দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলা এবং শিল্প ও আবাসিক খাতে গ্যাস সরবরাহে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
