চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে অন্যান্য মামলা ও অভিযানে আরও ১ লাখ ২ হাজার ৭২২ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এসময়ে মোট গ্রেফতার হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জন।
মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়- অভিযানে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় সোয়া দুই কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলভার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং একটি পেনগান।
এছাড়া অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬টি ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে মাদক-সংক্রান্ত অভিযানে ২৪ হাজার ৮২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
