সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি সহোদর ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজনের (২১) মরদেহ নিজ গ্রামে পাশাপাশি দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের কামারহাট মসজিদ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দুই ভাইকে পাশাপাশি দাফন করা হয়।
নিহত সজীব ও সুজন চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। সজীব ছিলেন বড় এবং সুজন ছোট ভাই।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন সজীব। চলতি বছরের শুরুতে কাজের সহযোগিতার জন্য ছোট ভাই সুজনকেও সৌদি আরবে নিয়ে যান তিনি। গত ১৫ জুলাই দিবাগত রাতে খেজুরবোঝাই একটি পিকআপে করে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২৭ জুলাই) রাতে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় শেষবারের মতো একনজর দেখতে স্বজন ও স্থানীয়দের ঢল নামে। মঙ্গলবার সকালে জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
এদিকে, নিহত সজীবের স্ত্রী ও দুই বছর বয়সী এক ছেলে রয়েছে। পরিবারের প্রধান দুই উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
