
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নে অমিত সেনগুপ্ত (২২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে তার নিজের বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অমিত ওই এলাকার জয়দেব সেনগুপ্তের পুত্র। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজনদের বরাতে বোয়ালখালী থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, সোমবার সকালে অমিতকে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃত অবস্থায় তাকে দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
