বঙ্গোপসাগরে ভাসমান দুই শ্রীলঙ্কান জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ভাসমান দুই শ্রীলঙ্কান জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশি জেলেরা। উদ্ধারকারী কক্সবাজারের মহেশখালীর জেলেরা জানায়, বঙ্গোপসাগরের সোনারচর এলাকার কাছাকাছি একটি ফাইবার ট্রলার ভাসতে দেখে সন্দেহ হলে তারা কাছে যান। সেখানে অসুস্থ ও দুর্বল অবস্থায় থাকা দুই ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের মাছ ধরার নৌকায় তোলেন।

পরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের মহেশখালীতে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া দুইজন হলেন এস. এইচ. চামিন্দা (৫১) এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং (৩০)।

জেলেরা জানিয়েছেন, দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকেও তারা দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন বলে দাবি করা হচ্ছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেছেন, ‘উদ্ধার হওয়া দুজনই শ্রীলঙ্কার নাগরিক। প্রাথমিকভাবে তারা বাবা-ছেলে বলে জানা গেছে। তাদের পরিচয়-সংক্রান্ত অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।’
ট্রলার মাঝি জিয়াউর রহমান বলেন, উদ্ধার হওয়া দুই ব্যক্তি নিজেদের শ্রীলঙ্কার নাগরিক এবং বাবা-ছেলে বলে পরিচয় দিয়েছেন।
উদ্ধার হওয়া দুজন দাবি করেছেন, ‘মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে টানা ৩৬ দিন সাগরে ভেসে ছিলেন তারা।’ ওই সময় কাঁচা মাছ খেয়েই বেঁচে ছিলেন বলে জানিয়েছেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top