সীতাকুণ্ডে নির্যাতনের অভিযোগে যুবকের মৃত্যু, ইয়াবা কারবারির বিরুদ্ধে হত্যার অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্যাতনের শিকার হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাইম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নুরুল ইসলাম ওরফে ইরান নামে এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছে নিহতের পরিবার।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, গত ২০ জুলাই রাতে নাইমকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর ও নির্যাতন করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত নুরুল ইসলাম ওরফে ইরান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিহতের পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

