
ত্রয়োদশ জাতীয় সংসদে আইন প্রণয়ন ও সংসদীয় স্থায়ী কমিটি গঠনের ক্ষেত্রে কার্যপ্রণালি বিধি ও সংসদীয় রীতি লঙ্ঘনের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, সরকারি দল সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন পাস ও কমিটি গঠন করায় সংসদের জবাবদিহি ও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ স্থায়ী কমিটিতে পাঠানো, জনমত যাচাই কিংবা সংশোধনী প্রস্তাবের সুযোগ না দিয়েই পাস করা হয়েছে। এমনকি সংসদ সদস্যদের বিল পর্যালোচনার পর্যাপ্ত সময়ও দেওয়া হয়নি।
টিআইবি আরও অভিযোগ করেছে, কয়েকটি বিল পূর্বঘোষণা ছাড়াই সম্পূরক কার্যসূচির মাধ্যমে উত্থাপন করে দ্রুত পাস করা হয়েছে। পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটিতে মন্ত্রিসভার সদস্যদের অন্তর্ভুক্তি কার্যকর নজরদারি ও জবাবদিহিকে দুর্বল করতে পারে বলেও মন্তব্য করেছে সংস্থাটি।
বিতর্কিত কমিটিগুলো পুনর্গঠন এবং সংসদীয় কমিটির ক্ষমতা ও কার্যকারিতা বাড়াতে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে টিআইবি।
