
ইরান যুদ্ধে নিজেদের সেনা হতাহতের সঠিক তথ্য গোপন করার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের বিরুদ্ধে। সোমবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রভাবশালী পত্রিকা ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এক প্রতিবেদনে এই তথ্য ফাঁস করেছে। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মার্কিন সামরিক ঘাঁটিতে ঘটে যাওয়া বেশ কয়েকটি হামলার খবর ধামাচাপা দিয়েছে মার্কিন প্রশাসন।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, সম্প্রতি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি হামলায় দুই সৈন্য নিহত, চারজন আহত এবং একজন নিখোঁজ হওয়ার পাশাপাশি অন্যান্য হামলাগুলোতে অন্তত কয়েক ডজন মার্কিন সেনা আহত হয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য প্রকাশ করেনি পেন্টাগন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কেবল সেনা হতাহতই নয়, গত সপ্তাহের দফায় দফায় হামলায় মার্কিন বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ হেলিকপ্টারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা সংস্থা ডিসিএএসের তথ্য অনুযায়ী ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত চার শতাধিক মার্কিন সেনা আহত হয়েছেন। তবে তথ্য গোপনের অভিযোগ অস্বীকার করে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, যুদ্ধ চলাকালে সেনাদের তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
এদিকে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানের ওপর হামলা জোরদার করেছে। ওয়াশিংটন জানিয়েছে, এ সংঘাতে এখন পর্যন্ত ১৭ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
