রিফাত হত্যা মামলার আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব
চট্টগ্রাম নগরীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে আলোচিত রিফাত হত্যা মামলার এক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, রিফাত হত্যা মামলার আসামি শাহপরান ফরহান (২২)কে নগরীর পোর্ট কানেক্টিং রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার নিকলী থানার দামপাড়া এলাকার বাসিন্দা।

গত ২৩ জুন এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে পাহাড়তলীর আব্দুপাড়া এলাকার বাসিন্দা ও ইলেকট্রিক মিস্ত্রি মো. রিফাতকে বাসা থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের ভাই পাহাড়তলী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, পৃথক অভিযানে পাহাড়তলী থানার অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাহেদ হারুণী ওরফে ডাইল জাহেদকেও গ্রেফতার করেছে র্যাব। তিনি নগরীর সরাইপাড়া এলাকার বাসিন্দা।
র্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) মোজাফ্ফর হোসেন জানান, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শনিবার রাতে ফরহান এবং রবিবার জাহেদ হারুণীকে গ্রেফতার করা হয়। পরে তাদের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
