ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, ‘নাসর-২’ অভিযানের অংশ হিসেবে কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি লজিস্টিক কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, রাডার ও প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানো হয়েছে। একই সঙ্গে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের কিছু স্থাপনা এবং জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতেও হামলার দাবি করেছে তারা।
ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এসব হামলা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাব হিসেবে পরিচালিত হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছে তেহরান।
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। স্বাধীনভাবেও হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি যাচাই করা সম্ভব হয়নি।
