বন্যায় চট্টগ্রামে মৎস্য খাতে ১০৯ কোটি টাকার ক্ষতি
টানা বৃষ্টি ও বন্যায় চট্টগ্রামের মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাবিত হয়েছে হাজারো পুকুর, দিঘি ও মাছের ঘের। এতে প্রায় ১০ হাজার মাছচাষী আর্থিক সংকটে পড়েছেন।
জেলা মৎস্য কার্যালয়ের প্রাথমিক হিসাবে, শনিবার পর্যন্ত জেলার ১৫টি উপজেলার ১৫৩টি ইউনিয়নে প্রায় ১০৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। বন্যায় ১২ হাজার ২৫১টি পুকুর, দিঘি ও খামার এবং ৩২০টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪ হাজার ১০৬ হেক্টর জলাশয় প্লাবিত হওয়ায় বিপুল পরিমাণ মাছ ভেসে গেছে।

বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, সীতাকুণ্ড ও হাটহাজারী উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষীরা বলছেন, এক মৌসুমের বিনিয়োগ হারিয়ে অনেকেই বড় আর্থিক সংকটে পড়েছেন।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম জানান, অনেক এলাকা এখনো পানির নিচে থাকায় ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব করা সম্ভব হয়নি। পানি নেমে গেলে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সরকারি সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।
