পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোল করেন নেইমার জুনিয়র। তবে গোলের আগে নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ডের সঙ্গে তার কথোপকথন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ব্রাজিলের টেলিভিশন অনুষ্ঠান ফান্তাস্তিকো প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পেনাল্টি নেওয়ার আগে নেইমার মজা করে নাইল্যান্ডকে বলেন, “কোন দিকে মারব বল?” জবাবে নরওয়ের গোলরক্ষক বলেন, “পোস্টে মারো। তবে আমি বলটা ঠেকিয়ে দেব।”
এরপর নিখুঁত শটে গোল করেন নেইমার। গোলের পর তিনি নাইল্যান্ডের দিকে তাকিয়ে বলেন, “আমার সঙ্গে এই চালাকি চলবে না!”
এর আগে ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলের প্রথম পেনাল্টি নেন ব্রুনো গিমারায়েস। তবে তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন নাইল্যান্ড। শেষদিকে কাসেমিরো আদায় করা পেনাল্টি থেকে গোল করলেও হার এড়াতে পারেনি ব্রাজিল।
ম্যাচ শেষে নেইমার জানান, বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখানেই শেষ। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোকে তিনি বলেন, “আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ।”
মাত্র ১৮ বছর বয়সে ২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হওয়া নেইমার জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করেছেন। তবে বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ না করেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
