বিআরটিএর ওয়েবসাইট নকল করে জরিমানা আদায়ের প্রতারণা, গ্রেপ্তার ৩

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে ট্রাফিক জরিমানার নামে মানুষের ব্যাংকিং তথ্য সংগ্রহ ও অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিআইজি সানা শামীনুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ভুয়া ওয়েবসাইট ও ফিশিং লিংকের মাধ্যমে ভুক্তভোগীদের কাছে ট্রাফিক আইন লঙ্ঘনের বার্তা পাঠাত। পরে জরিমানার ভয় দেখিয়ে ব্যাংক কার্ড, অনলাইন ব্যাংকিং তথ্য ও ওটিপি সংগ্রহ করে অর্থ আত্মসাৎ করা হতো।

গ্রেপ্তাররা হলেন খুলনার মো. রাব্বি শেখ (২৪), ফেনীর মো. রিয়াদ হোসেন (৩১) এবং ঢাকার মো. সাজ্জাদ হোসেন (৩১)। প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা, ফেনী ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, একটি ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। পরে জানা যায়, ভুয়া জরিমানা পরিশোধের নামে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিন লাখ টাকা স্থানান্তর করা হয়েছে। তদন্তে আরও অন্তত ৭ লাখ ২৫ হাজার টাকার প্রতারণার তথ্য পাওয়া গেছে।

সংস্থাটি আরও জানায়, সরকারি প্রতিষ্ঠানের নামে পাঠানো কোনো বার্তা বা লিংকে প্রবেশের আগে যাচাই-বাছাই করা জরুরি। অপরিচিত ওয়েবসাইটে ব্যাংকিং তথ্য, পিন বা ওটিপি শেয়ার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

মামলার তদন্ত চলছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top