বিশ্ব ফুটবলের ইতিহাসে আরেকটি অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন Lionel Messi। বিশ্বকাপের গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই আর্জেন্টিনার জার্সিতে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়বেন এই কিংবদন্তি ফুটবলার।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৯৯ ম্যাচে ১১৭ গোল ও ৬৪ অ্যাসিস্ট করেছেন মেসি। প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, পাশাপাশি আর্জেন্টিনাকেও এনে দিয়েছেন বহু কাঙ্ক্ষিত সাফল্য। ২০২২ বিশ্বকাপ জয়, দুটি কোপা আমেরিকা এবং একটি ফিনালিসিমা শিরোপা তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে করেছে আরও সমৃদ্ধ।

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল মেসির। তবে সেই শুরুটা ছিল হতাশার। বদলি হিসেবে মাঠে নেমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি সময় মাঠে থাকা খেলোয়াড়দের একজন মেসি। আন্তর্জাতিক ফুটবলে ১৬ হাজারেরও বেশি মিনিট খেলেছেন তিনি। বিশ্বকাপে ২৬টি, কোপা আমেরিকায় ৩৯টি এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৭২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
৩৯ বছর বয়সী এই মহাতারকা এখনও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কোনো ঘোষণা দেননি। বরং তার পুরো মনোযোগ এখন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনের দিকে।
অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে Cristiano Ronaldo-র দখলে। পর্তুগালের জার্সিতে তিনি খেলেছেন ২২৮টি আন্তর্জাতিক ম্যাচ।
