সেলেসাওদের বিপক্ষে গোল, ভাগ্য খুলল মরক্কোর স্ট্রাইকারের

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মরক্কোর স্ট্রাইকার ইসমাইল সাইবারি। সেই পারফরম্যান্সই তার ক্যারিয়ারে এনে দিয়েছে বড় মোড়—জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন এই ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।

ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন ছাড়ছেন সাইবারি। ইউরোপীয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, প্রায় ৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তার ট্রান্সফার প্রায় চূড়ান্ত। বিশ্বকাপ চলাকালীন যুক্তরাষ্ট্রেই তার মেডিকেল সম্পন্ন করার পরিকল্পনা করছে বায়ার্ন মিউনিখ।

ব্রাজিলের বিপক্ষে গোল করে ভাগ্য খুলল মরক্কোর স্ট্রাইকারের

সাইবারির উত্থান হঠাৎ নয়। গত মৌসুমে তিনি এরেডিভিজির সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং পিএসভির হয়ে টানা তিন লিগ শিরোপা জয়ের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ক্লাবটির হয়ে গত তিন মৌসুমে তিনি করেছেন ৪২ গোল, সঙ্গে ২৯টি অ্যাসিস্ট। মরক্কো জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচে তার গোল ৯টি।

বেলজিয়ামে বেড়ে ওঠা সাইবারি ফুটবলের ভিত্তি গড়েছেন আন্ডারলেখট ও জেঙ্কের যুব দলে। পরে পিএসভির হয়ে নিজেকে প্রমাণ করে জায়গা করে নেন ইউরোপীয় ফুটবলের শীর্ষ পর্যায়ে।

বর্তমান বিশ্বকাপে মরক্কো ‘সি’ গ্রুপে অবস্থান করছে এবং আগামী ম্যাচগুলোতে স্কটল্যান্ড ও হাইতির মুখোমুখি হবে তারা। এর মাঝেই সাইবারির বায়ার্নে যোগদান মরক্কো শিবিরের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top