চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিয়ের মেহেদি অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহসম্পাদক আব্দুল আজিজ (২৬) এবং সদস্য রায়হান (২৩)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার তাদের এক চাচাতো বোনের মেহেদি অনুষ্ঠানে তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
পরদিন রাতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গেলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। পরে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।