হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ,
শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানানো হয়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শেষে সংগঠনটির নেতারা আগামী সাত দিনের মধ্যে সরকারকে হত্যাকারীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বা বিচার প্রক্রিয়ার সময়সীমা ঘোষণা করার আহ্বান জানান। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, সরকার এখনো হত্যাকাণ্ডের বিচার নিয়ে স্পষ্ট রূপরেখা দিতে পারেনি। তিনি জাতিসংঘের অধীনে তদন্তের অগ্রগতি এবং হত্যাকাণ্ডের আন্তর্জাতিক যোগসূত্র বিষয়ে সরকারের অবস্থানও জানতে চান।
তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে সরকারকে দুটি বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে হবে—জাতিসংঘের তদন্তের বর্তমান অবস্থা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিতের পরিকল্পনা। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
