শান্তির আহ্বান জানিয়ে পুতিনের উদ্দেশে জেলেনস্কির খোলা চিঠি

চার বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে খোলা চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

চিঠিতে তিনি পুতিনকে সরাসরি মুখোমুখি বৈঠকের আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধের কারণে রাশিয়ার সাধারণ জনগণ ও ব্যবসায়ী মহলের মধ্যে ক্লান্তি ও অসন্তোষ বাড়ছে। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না বলেও উল্লেখ করেন তিনি।

জেলেনস্কি দাবি করেন, যুদ্ধ রাশিয়ার ভূ-রাজনৈতিক প্রয়োজন নয়, বরং এটি পুতিনের ব্যক্তিগত সিদ্ধান্তের ফল। তিনি যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও তুলে ধরেন।

চিঠিতে তিনি সুইজারল্যান্ড, তুরস্ক বা কোনো আরব দেশে শান্তি আলোচনার প্রস্তাব দেন। সেই আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারী হিসেবে অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ করেন।

এছাড়া পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, সব যুদ্ধবন্দির বিনিময় এবং যুদ্ধের সময় নিয়ে যাওয়া বেসামরিক নাগরিক ও শিশুদের দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

চিঠির শেষাংশে জেলেনস্কি বলেন, রাশিয়া যদি যুদ্ধ বন্ধে উদ্যোগ না নেয়, তাহলে ইউক্রেন তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top