দুর্গাপূজার ছুটির আগেই কক্সবাজারে পর্যটকদের ঢল, ৮০ শতাংশ কক্ষ বুকিং ,
শারদীয় দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটি সামনে রেখে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্রসৈকত। শুক্রবার (১৬ অক্টোবর) সাপ্তাহিক ছুটিতে সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ইতোমধ্যে অনেক হোটেল-মোটেলের প্রায় ৮০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়েছে।
বিকেলে সুগন্ধা ও কলাতলী পয়েন্টে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে সময় কাটাতে দেখা যায় পর্যটকদের। কেউ সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, কেউ ছবি তুলছেন। পাশাপাশি ঘোড়ায় চড়া, বিচবাইক ও জেটস্কিতে চড়াসহ বিভিন্ন বিনোদনে মেতে উঠেছেন তাঁরা।পর্যটকের সংখ্যা বাড়ায় সৈকতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, আগামী ২০ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনের ছুটিতে প্রতিদিন গড়ে এক লাখের বেশি পর্যটক আসতে পারেন। সে হিসাবে পাঁচ দিনে ছয় লাখের বেশি পর্যটকের সমাগমের প্রত্যাশা করছেন তাঁরা।
তিনি জানান, কক্সবাজারে পাঁচ শতাধিক হোটেল-মোটেল ও কটেজ রয়েছে। এরই মধ্যে অনেক প্রতিষ্ঠানের প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে।সৈকতের পাশাপাশি মেরিন ড্রাইভ ও হিমছড়িসহ জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রেও পর্যটকদের আনাগোনা বেড়েছে। পর্যটকদের নিরাপত্তা, অতিরিক্ত মূল্য আদায় ও হয়রানি ঠেকাতে প্রশাসনের নজরদারিও বাড়ানো হয়েছে।কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত দাম ও হয়রানি ঠেকাতে প্রশাসন সতর্ক রয়েছে।
