রাশিয়া-ইরান ও এআইয়ের হুমকি বাড়ছে যুক্তরাজ্যে
রাশিয়া, ইরান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের কারণে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন দেশটির গোয়েন্দা সংস্থা এমআই৫-এর প্রধান স্যার কেন ম্যাককালাম।
মঙ্গলবার লন্ডনে এমআই৫-এর সদর দপ্তরে বার্ষিক ভাষণে তিনি বলেন, গত এক দশকে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে আসা হুমকি চার গুণ বেড়েছে। রাশিয়াকে যুক্তরাজ্যের জন্য সবচেয়ে বড় রাষ্ট্রীয় হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি।
ম্যাককালাম জানান, রাশিয়া গোপন অভিযান, নাশকতা ও অপরাধী গোষ্ঠীকে ব্যবহার করে ইউরোপে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। অন্যদিকে, ইরান-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে গত এক বছরে যুক্তরাজ্যে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এআইয়ের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এমআই৫ প্রধান। তাঁর মতে, সন্ত্রাসীরা এআই ব্যবহার করে সাইবার হামলা, উগ্রপন্থী প্রচারণা এবং ড্রোনের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে পারে। ভবিষ্যতে এআই ব্যবহার করে জৈব অস্ত্র তৈরির ঝুঁকিকেও তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
এ ধরনের হুমকি মূল্যায়নে এমআই৫ নতুন একটি এআই থ্রেট অ্যাসেসমেন্ট সেন্টার চালু করেছে। পাশাপাশি যুক্তরাজ্যে উগ্র ডানপন্থী সন্ত্রাসবাদ ও অনলাইনে তরুণদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ হওয়ার প্রবণতা নিয়েও সতর্ক করেছেন তিনি।
ম্যাককালামের বক্তব্য অনুযায়ী, বিদেশি রাষ্ট্রের গোপন তৎপরতা, সন্ত্রাসবাদ ও প্রযুক্তির অপব্যবহার মোকাবিলায় যুক্তরাজ্যের নিরাপত্তা সংস্থাগুলোকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে।
