হরমুজ প্রণালিতে আটকে পড়া নাবিকদের সরিয়ে নিতে জাতিসংঘের উদ্ধার অভিযান
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজারের বেশি বাণিজ্যিক জাহাজের নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও)।
আইএমও মহাসচিব আর্সেনিও ডোমিনগুয়েজ জানিয়েছেন, ইরান, ওমান, যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক সমুদ্র পরিবহন খাতের সংশ্লিষ্টদের সহযোগিতায় এই বৃহৎ উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে। নাবিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নৌপথের সার্বিক পরিস্থিতিও মূল্যায়ন করা হয়েছে।

চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বহু বাণিজ্যিক জাহাজ সেখানে আটকা পড়ে। তবে সাম্প্রতিক শান্তি উদ্যোগ ও সমঝোতার ফলে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চুক্তির পর হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক নৌপথটি পুরোপুরি স্বাভাবিক করতে ইউরোপীয় দেশগুলোও যৌথ উদ্যোগে অংশ নিচ্ছে।
