কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার দুপুরে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের হোটেল মিডওয়ে ইনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন লোহাগাড়ার বড়হাতিয়া এলাকার মো. রিদুয়ান (২৪) এবং কক্সবাজারের ঈদগাঁও এলাকার মো. এমরান ওরফে সাকিল (২৩)।
ডিএনসির সহকারী পরিচালক রামেশ্বর দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে আরোহীদের সঙ্গে থাকা স্কুলব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
এ ঘটনায় লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।