Total Views: 1
সুন্দরবনে ৫ জাহাজে ডাকাতির চেষ্টা, একটিতে গুলি ও লুটপাট
সুন্দরবনের ভেতর বাংলাদেশ-ভারত নৌপথে চলাচলকারী পাঁচটি জাহাজে ডাকাতির চেষ্টা হয়েছে। দ্রুতগতিতে চারটি জাহাজ নিরাপদে চলে যেতে পারলেও এমভি আবদুল হাকিম-১ নামের একটি কার্গো জাহাজ ডাকাতদের কবলে পড়ে।

শনিবার সন্ধ্যায় শিবসা নদী পেরিয়ে শিংলেনালা এলাকায় পৌঁছালে ডাকাতেরা জাহাজগুলোকে ধাওয়া করে। একপর্যায়ে এমভি আবদুল হাকিম-১-এ উঠে নাবিকদের মারধর করে এবং মাস্টার ব্রিজে অন্তত ১৫ রাউন্ড গুলি চালায়। পরে জাহাজে লুটপাট চালিয়ে পালিয়ে যায় তারা।
বাংলাদেশ-ভারত নৌ প্রোটোকল কমিটির কার্যকরী সভাপতি সিরাজুল ইসলাম জানান, জাহাজগুলো খালি অবস্থায় ভারত থেকে ফ্লাইঅ্যাশ আনতে যাচ্ছিল। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি নৌ পুলিশ। আংটিহারা নৌ পুলিশ ক্যাম্প জানিয়েছে, তারা বিষয়টি যাচাই-বাছাই করছে।
