সীতাকুণ্ডে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে মো. আমির হোসেন (৪৩) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আমির হোসেন। মঙ্গলবার আসরের নামাজে ইমামতি করলেও মাগরিব ও এশার নামাজের সময় তাকে না পেয়ে মুসল্লিদের সন্দেহ হয়। পরে মসজিদের দোতলার একটি কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। এতে পারিবারিক কলহ সংক্রান্ত কিছু লেখা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, চিরকুটটি নিহতের লেখা কি না তা যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
