সীতাকুণ্ডে বাস-ট্রাক-মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস, ডাম্প ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে জারিয়া বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রোববার (৩১ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জারিয়া বেগম বাড়বকুণ্ড ইউনিয়নের মিয়ারজীপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, চট্টগ্রামগামী একটি বাস মাইক্রোবাসকে ধাক্কা দিলে সড়কের পাশে থাকা জারিয়া বেগম বাসচাপায় নিহত হন। পরে বাসটির পেছনে একটি ডাম্প ট্রাক ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় এবং পাশের একটি বেকারিতে ঢুকে পড়ে।
আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
