শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশে গুরুত্বারোপ নওশীন হেলালের

শিক্ষার্থীদের আগামী দিনের বাংলাদেশ গঠন ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নাজিরহাট কলেজ গভর্নিং বডির সভাপতি ও শিক্ষানুরাগী নওশীন আরজান হেলাল।

সোমবার উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির কর্ণধার: নওশীন হেলাল

নওশীন আরজান হেলাল বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির কর্ণধার। আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও নৈতিকতায় সমৃদ্ধ হতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমেও সক্রিয় অংশগ্রহণ তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।”

তিনি বলেন, শিক্ষার্থীদের উন্নয়নে কলেজ পরিচালনা পরিষদ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দীন ছিদ্দিকী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য ও প্রধান সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন, কাজী সাইফুল ইসলাম টুটুল, উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, জাহেদা ইকবাল চৌধুরী, সেলিম জাহাঙ্গীর, অধ্যাপক মোহাম্মদ গোলাম কিবরিয়া, অধ্যাপক লিটন ভট্টাচার্য ও অধ্যাপক এস. এম. কাউছার।

অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণে একটি ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, দোয়া ও মোনাজাত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top