লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ রক্ষায় সৌদির উদ্যোগে বাংলাদেশসহ ১৪ দেশের জোট

লোহিত সাগর, বাব আল-মানদেব প্রণালি ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে বাংলাদেশসহ ১৪ দেশের একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠিত হয়েছে। বৃহস্পতিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ জোট গঠনের ঘোষণা দেয়।

জোটের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মিসর, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরোস। এই উদ্যোগের মূল লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর নিরাপত্তা জোরদার করা।

সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগর ও বাব আল-মানদেব রুটে সৌদির তেলবাহী জাহাজে হামলা এবং অবরোধের ঘোষণা দেওয়ার পর এ অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বেড়ে যায়। একই সময়ে হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধিও এই উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে।

সৌদি আরব জানিয়েছে, জোটটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠন করা হয়নি। সদস্য দেশগুলো গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ মহড়া এবং প্রয়োজনীয় সামুদ্রিক অভিযান পরিচালনার মাধ্যমে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top