মানবপাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফরিদা ১১ বছর পর গ্রেফতার

মানবপাচার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ফরিদা খাতুনকে (৩৮) টেকনাফ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। কক্সবাজার সদর থানার একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এই নারী দীর্ঘ ১১ বছর আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, গত ১৮ জুলাই রাত ৮টায় এক বিশেষ অভিযানে টেকনাফ থানার বাহারছড়া এলাকা থেকে ফরিদা খাতুনকে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার জেলার দক্ষিণ কলাতলীর মুজিবনগরের শুকনাছড়ি এলাকার বাসিন্দা।

ফরিদার বিরুদ্ধে ২০১২ সালে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের মারাত্মক অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। ভুক্তভোগীদের প্রলোভন ও জোর করে পাচারের অভিযোগে তার বিরুদ্ধে ২০১৫ সালে মামলা রুজু করা হয়েছিল। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে টেকনাফের দুর্গম সীমান্তবর্তী ও উপকূলীয় বাহারছড়াসহ বিভিন্ন দূরবর্তী এলাকায় ছদ্মনাম ও ভিন্ন বেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন।

ফরিদার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top