বেলজিয়াম ও কোয়ার্টার ফাইনালের ‘অভিশাপ’ কাটাতে মাঠে নামছে স্পেন
বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে বেলজিয়ামের মুখোমুখি হবে স্পেন। শেষ আটের এই ম্যাচে জিততে পারলেই একসঙ্গে কাটবে দুই পুরোনো দুঃস্বপ্ন—বেলজিয়ামের বিপক্ষে পরাজয়ের স্মৃতি এবং কোয়ার্টার ফাইনালের ‘অভিশাপ’।

১৯৮৬ বিশ্বকাপে শেষ আটে বেলজিয়ামের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল স্পেন। সেই হারই দীর্ঘদিন ধরে স্প্যানিশ ফুটবলে ‘কোয়ার্টার ফাইনাল অভিশাপ’ হিসেবে পরিচিত। এরপর ১৯৯৪ সালে ইতালি এবং ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার কাছেও শেষ আট থেকেই বিদায় নিতে হয় তাদের।
বিশ্বকাপ ইতিহাসে স্পেন মাত্র একবারই কোয়ার্টার ফাইনাল জিতেছে। ২০১০ সালে প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠে শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল তারা।
তবে পরিসংখ্যান স্পেনের পক্ষেই কথা বলছে। বেলজিয়ামের বিপক্ষে ২০ দেখায় স্পেনের জয় ১২টি, ড্র ৬টি এবং হার মাত্র দুটি। গত চার দশকেও আনুষ্ঠানিক কোনো ম্যাচে স্পেনকে হারাতে পারেনি বেলজিয়ানরা।
চলতি বিশ্বকাপেও পর্তুগালকে হারিয়ে আত্মবিশ্বাসী স্পেন। তবে থিবো কোর্তোয়ার মতো অভিজ্ঞ গোলরক্ষককে সামনে রেখে বেলজিয়ামও কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত। সেমিফাইনালের টিকিটের পাশাপাশি অতীতের তিক্ত স্মৃতি মুছে ফেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্প্যানিশরা।
