বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই বড় এক ধাক্কা খেয়েছে স্পেন। কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ ‘এইচ’-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে শুরু থেকে মাঠে নামছেন না দলের অন্যতম বড় তারকা লামিনে ইয়ামাল। চোট কাটিয়ে দলে ফিরলেও এখনও পুরোপুরি ম্যাচ ফিট না হওয়ায় তাকে শুরুর একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ কোচিং স্টাফ।
স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইয়ামালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি নিয়মিত অনুশীলন করছেন। তবে ৯০ মিনিটের ম্যাচ খেলার মতো প্রস্তুত এখনও নন।

কোচ বলেন, “ইয়ামাল এখন অনেকটাই সুস্থ। সে দলের সঙ্গে অনুশীলন করছে এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। তবে ম্যাচের শুরু থেকে খেলানোর মতো অবস্থায় এখনও পৌঁছায়নি। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে তাকে ব্যবহার করা হবে।”
বার্সেলোনার এই তরুণ তারকা হ্যামস্ট্রিং ও কুঁচকির চোটের কারণে গত এপ্রিলের পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারেননি। এমনকি বিশ্বকাপের আগে স্পেনের প্রস্তুতি ম্যাচগুলোতেও তাকে দেখা যায়নি।
তবে স্পেন শিবিরে আশার খবর, ইয়ামাল এখন সুস্থতার পথে। দীর্ঘ টুর্নামেন্টের কথা মাথায় রেখে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না কোচিং স্টাফ। তাই প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই তরুণ তারকা।
