বান্দরবানে মরদেহ উদ্ধারকে ঘিরে অভিযান, গ্রেফতার ১২
বান্দরবানের রুমা উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকালে গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির মাথায় গুলির চিহ্ন রয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে অবয়ব দেখে তাকে বাঙালি নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় রুমা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে পার্বত্য নাগরিক পরিষদ বিক্ষোভ সমাবেশ করেছে। সংগঠনটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।
