বন্যা-ঝুঁকিতে বান্দরবানে পর্যটন নিষিদ্ধ, নাফাখুমে আটকা ৮৭ জন

বান্দরবানে বন্ধ সব পর্যটন কেন্দ্র, নাফাখুমে আটকা ৮৭ জন

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা ও সড়ক যোগাযোগে বিঘ্নের কারণে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এদিকে থানচির নাফাখুম জলপ্রপাতে ৭৮ জন পর্যটক ও ৯ জন গাইডসহ মোট ৮৭ জন আটকা পড়েছেন।

বান্দরবানে বন্ধ সকল পর্যটন কেন্দ্র, নাফাখুমে আটকা ৮৭ জন

স্থানীয় সূত্রে জানা গেছে, সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় থানচি থেকে তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের নৌযোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে নাফাখুমে অবস্থানরত পর্যটক ও গাইডরা ফিরে আসতে পারছেন না।

এদিকে সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আলিয়া সোলতানা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। লামা, আলীকদম ও বান্দরবান সদরেও জলাবদ্ধতা, পাহাড়ধসের ঝুঁকি এবং সড়ক যোগাযোগে বিঘ্ন দেখা দিয়েছে। অতিবৃষ্টিতে বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলার কয়েকটি উপজেলায় প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল।

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস জানান, পরিস্থিতি মোকাবিলায় সাত উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top