চট্টগ্রামের ফটিকছড়িতে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে আকলিমা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে ধর্মপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুনার গাজির বাড়িতে এ ঘটনা ঘটে।
এতে শাহেদা বেগম (৫৩) গুরুতর আহত হন। তার মাথায় একাধিক জখম হয়। প্রথমে তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার রাতে শাহেদা বেগম ও তার পুত্রবধূ আকলিমা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ওই সময় ধারালো ছুরি দিয়ে শাহেদার মাথায় আঘাত করেন আকলিমা। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় শাহেদার মেয়ে ফারজানা আকতার পপি বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরে পুলিশ আকলিমাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আকলিমার নিজস্ব মোবাইল ফোন ছিল না। স্বামীর সঙ্গে যোগাযোগের জন্য তাকে শাশুড়ির মোবাইল ব্যবহার করতে হতো। শাশুড়ি মোবাইল দিতে চাইতেন না। এ নিয়ে ক্ষোভ থেকে ঘটনাটি ঘটতে পারে।
ওসি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
