নিউমুরিং টার্মিনাল ইজারা নিয়ে ফের আলোচনা, এক দিনে দুই চিঠিতে নতুন প্রশ্ন
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা ইস্যুতে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একই দিনে দুটি ভিন্ন বার্তার চিঠি পাঠানো হয়েছে। এক চিঠিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইজারা প্রক্রিয়া দ্রুত শেষ বা বাতিলের কথা বলা হলেও, আরেক চিঠিতে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এ ঘটনায় এনসিটি ইজারা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নৌপরিবহন সচিব জাকারিয়া জানিয়েছেন, সরকারের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি এবং ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দর-কষাকষি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল এনসিটি বর্তমানে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিচালনা করছে। গত বছর বন্দরের মোট কনটেইনারের ৪৪ শতাংশ এই টার্মিনালের মাধ্যমে পরিচালিত হয়েছে।
এদিকে ডিপি ওয়ার্ল্ডের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপও এনসিটি পরিচালনার আগ্রহ দেখিয়েছে। তবে চলমান আলোচনা শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো প্রস্তাব বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে প্রশ্ন একটাই—এনসিটি কি দেশীয় ব্যবস্থাপনায় থাকবে, নাকি দীর্ঘমেয়াদি ইজারায় যাবে ডিপি ওয়ার্ল্ডের হাতে?
