চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় কথিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে জারি করা আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে সরেজমিন তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, হাসপাতালের বাইরে থেকে আসা বৈধ অ্যাম্বুলেন্স ও স্বজনদের ব্যক্তিগত গাড়িতে রোগী বা মরদেহ পরিবহনে বাধা, চালকদের হুমকি, মারধর ও হয়রানির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন ও বেআইনি বাধা দেওয়ার অভিযোগে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া অবৈধভাবে সাইরেন ও নীল বাতি ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, রোগী ও স্বজনদের পছন্দমতো পরিবহন ব্যবহারের অধিকার নিশ্চিত করা এবং হাসপাতাল এলাকায় বৈধ যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
