
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বাঁশখালীর দারোগা বাজার এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। নিহত জুয়েল উপজেলার চাম্বল ইউনিয়নের চরিত্যাপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলা সদরে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে প্রতিদিনের মতো উপজেলা সদরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেন জুয়েল। তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা দারোগা বাজার এলাকায় ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সাথে সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন জুয়েল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই জুয়েলের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
